3 weeks ago
16 views

বগুড়া–৭ আসনে ধানের শীষের প্রচারণায় আশিকুর রহমান সুজনের গণজোয়ারের ডাক

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া–৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাজাহানপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাগবাড়ী জিয়া বাড়ির সন্তান আশিকুর রহমান সুজন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন প্রচারণার মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।

সকাল থেকে বাগবাড়ী জিয়া বাড়ি এলাকা থেকে আশিকুর রহমান সুজনের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল বহর বের করা হয়। শোভাযাত্রাটি শাজাহানপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে স্লোগানে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে অংশ নেন গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহব্বত আলীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় বেশ কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন সুজন। এসব সভায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও এলাকার উন্নয়নে ধানের শীষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে আশিকুর রহমান সুজনের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় নেতা-কর্মীরা জানান, সুজনের এই ঝটিকা সফর এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার প্রবণতা তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আশিকুর রহমান সুজন বলেন, ‘বগুড়া শহীদ জিয়ার দুর্গ। এই মাটির মানুষ সব সময় ধানের শীষের সাথে ছিল এবং আছে। শাজাহানপুরের মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বগুড়া-৭ আসনে ধানের শীষের এই প্রচারণা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published.