1 month ago
64 views

জ্বালানি মূল্যবৃদ্ধির পর কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব, বেশি বাড়ালে জনরোষের আশঙ্কা

ইনসাইডার ডেস্ক, ২ এপ্রিল, ২০২৬

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, পরিবহন মালিক সমিতির প্রভাবশালী নেতারা সরকারের সঙ্গে সমন্বয় করে এর চেয়ে বেশি ভাড়া বাড়ানোর চেষ্টা করছেন।
রোববার (১৯ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে বিআরটিএ কার্যালয়ে একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে।
তিনি অতীতের উদাহরণ তুলে ধরে বলেন, জ্বালানির দাম তিন দফায় ৩ টাকা কমানো হলে বাসভাড়া ৩ পয়সা কমানো হয়েছিল এবং ২ টাকা কমলে ভাড়া ২ পয়সা কমানো হয়। সেই ধারাবাহিকতায় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বাড়ানোই যৌক্তিক।
তিনি সতর্ক করে বলেন, এর চেয়ে বেশি ভাড়া বাড়ানো হলে তা প্রশাসনিক প্রভাব খাটিয়ে করা হচ্ছে বলে মনে হতে পারে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করবে এবং সরকারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে পরিবহন মালিকদের অযৌক্তিক সুবিধা দেওয়ার কোনো চেষ্টা প্রতিহত করা যায়।

Leave a Reply

Your email address will not be published.