1 month ago
65 views

ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠালো বাংলাদেশ, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ

ইনসাইডার ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬

ইরানে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ও আহতদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ উদ্যোগে এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি-এর কাছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন। এই অর্থের মাধ্যমেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত ইরানিদের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।
অনুষ্ঠানে ইরানে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. মু. নজরুল ইসলাম। তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
এ সময় বাংলাদেশের এই সহায়তাকে স্বাগত জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি। তিনি দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published.