1 month ago
41 views

সংসদ সদস্যদের ডিউটি-ফ্রি গাড়ি সুবিধা বাতিল, বিএসইসি ও আইডিআরএ নেতৃত্বে বয়সসীমা তুলে দিল সরকার

ইনসাইডার ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৬

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি ব্যয় কমানোর প্রয়োজন বিবেচনায় সংসদ সদস্যদের জন্য ডিউটি-ফ্রি গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ এপ্রিল) রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (সংশোধন) আইন, ২০২৬”-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী বিদ্যমান ডিউটি-ফ্রি গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হবে। সরকারের মতে, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় যৌক্তিক করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় এমপিদের এই সুবিধা গ্রহণ না করার নির্দেশনা দিয়েছিলেন। পাশাপাশি বিরোধী দল জামায়াতে ইসলামীও নির্বাচনের আগেই এই সুবিধা গ্রহণ না করার ঘোষণা দেয়।
তবে বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, ডিউটি-ফ্রি গাড়ি আমদানির পরিবর্তে সংসদ সদস্যদের জন্য সরকারি ব্যবস্থাপনায় গাড়ি বরাদ্দ দেওয়া যেতে পারে, যেমনটি জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও ইউএনওদের ক্ষেত্রে রয়েছে। সংসদে আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, তারা ডিউটি-ফ্রি সুবিধা চান না; বরং দায়িত্ব পালনের সময় সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ চান, যা মেয়াদ শেষে ফেরত দিতে হবে।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম জানান, প্রতিটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংসদ সদস্যদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বয়সসীমা প্রত্যাহার
বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ১৯৯৩ সালের আইনে এই বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত ছিল। একইভাবে, “ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি আইন, ২০১০” অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যদের জন্য নির্ধারিত ৬৭ বছরের বয়সসীমাও বাতিল করা হয়েছে। সরকারের মতে, এতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ সহজ হবে।
অন্যান্য সিদ্ধান্ত
বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.