ড. মোহাম্মদ বোরহান উদ্দিন, ২৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা পরিষদে একটি করে ‘বসার কক্ষ’ বা পরিদর্শন কক্ষ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেসব এমপির উপজেলায় এখনো দলীয় কার্যালয় নেই, তাঁদের জন্য জনসংযোগ ও নাগরিক সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কক্ষগুলোতে এমপিরা নিয়মিত উপস্থিত থাকলে কৃষি সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা, পশু চিকিৎসা, বিদ্যুৎ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন খাতে সেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি তাঁদের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন, যা সেবার গতি ও স্বচ্ছতা বাড়াবে।
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে চাপ ও অনিয়মের প্রভাব কমবে। পাশাপাশি কর্মকর্তারা আরও স্বাধীন ও নিরাপদ পরিবেশে দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা আইন-শৃঙ্খলা অবনতির সময় এমপিদের উপস্থিতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
তবে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে যেন এই পরিদর্শন কক্ষগুলো দলীয় নেতা-কর্মীদের অনিয়ন্ত্রিত আড্ডাখানায় পরিণত না হয়। তা না হলে উদ্যোগটির মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সময় ও সম্পদের অপচয়ের আশঙ্কা রয়েছে।
জনস্বার্থে এ প্রস্তাব সংসদে উপস্থাপন করায় এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে উদ্যোগটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
লেখক পরিচিতি:
প্রফেসর (অবঃ) ড. মোঃ বোরহান উদ্দিন
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়