ইনসাইডার ডিস্ক, ০১ মে, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে তিনটি গ্যাস ও তেল অনুসন্ধান কূপ খননের জন্য দুইটি চীনা কোম্পানিকে নির্বাচন করেছে সরকার। মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৫ কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটি অন সরকারি ক্রয় (সিসিজিপি)-এর ১৯তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি খাতে অনুসন্ধান কার্যক্রম জোরদার করে দেশের গ্যাস ও তেলের মজুত বাড়ানোই এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর একটি প্রকল্পের আওতায় তিন কূপ খনন কর্মসূচির অংশ হিসেবে শ্রীকাইল ডিপ-১ এবং মোবারকপুর ডিপ-১ নামে দুটি অনুসন্ধান কূপ খনন করা হবে। এই দুই কূপ খননের কাজ ৭১৩ কোটি টাকায় পেয়েছে চীনের সিএনপিসি চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
এছাড়া আলাদা একটি প্রকল্পের আওতায় সিলেট-১২ তেল কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে। এই কূপ খনন ও সংশ্লিষ্ট কাজ ২৩২ কোটি টাকায় বাস্তবায়ন করবে চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন (এসআইপিএসসি)।
সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং নতুন গ্যাস ও তেলের সম্ভাবনা উন্মোচিত হবে।