4 weeks ago
46 views

তামিলনাড়ুতে বিজয়ের ঝড়, ১০৬ আসনে এগিয়ে টিভিকে

ইনসাইডার ডিস্ক, ০৪ মে, ২০২৬

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় চমক দেখাচ্ছে অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় (থালাপতি বিজয়)-এর দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের প্রায় ১০৬টি আসনে এগিয়ে রয়েছে দলটি।
এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে বিজয়ের রাজনীতিতে প্রবেশ। তার দল টিভিকের আত্মপ্রকাশে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে। নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম (ডিএমকে) জোট ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোটের মধ্যে। তবে বিজয়ের দলের উত্থান সেই সমীকরণ বদলে দিয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ কোলাথুর আসনে পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন। টানা তিনবার—২০১১, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে এই আসনে জয়ী হলেও এবার তিনি টিভিকের প্রার্থী ভি.এস. বাবুর কাছে পরপর কয়েক রাউন্ডে পিছিয়ে রয়েছেন বলে জানা গেছে। এতে তার পরাজয়ের আশঙ্কা বাড়ছে।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোট ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গঠন করতে পারবেন। তার মতে, রাজ্যের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন।
উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি, যার মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

Leave a Reply

Your email address will not be published.