ইনসাইডার ডিস্ক, ১৫ মে, ২০২৬

নাইজেরিয়াভিত্তিক অনলাইন ক্লাসিফাইডস মার্কেটপ্লেস Jiji বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস Bikroy.com অধিগ্রহণ করেছে। গত বছর বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর মাত্র এক বছরের মাথায় এই অধিগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ডিজিটাল কমার্স খাতে বড় পদক্ষেপ নিল আফ্রিকান প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বিক্রয় ডটকমের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
২০২৫ সালের মার্চে বাংলাদেশে যাত্রা শুরু করে জিজি। প্রতিষ্ঠানটি মনে করে, বাংলাদেশের বাজার আফ্রিকার অনেক দেশের মতোই সম্ভাবনাময়—যেখানে রয়েছে বিপুল তরুণ জনগোষ্ঠী, দ্রুত বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহার, স্মার্টফোনের বিস্তার এবং অনলাইন বাণিজ্যের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা।
২০১৪ সালে প্রতিষ্ঠিত জিজি বর্তমানে নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়াসহ আফ্রিকার একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটির দাবি, তাদের প্ল্যাটফর্মে বছরে ৯ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয় থাকে এবং বার্ষিক মোট লেনদেনের পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলার।
বাংলাদেশে প্রবেশের কিছুদিনের মধ্যেই সরাসরি প্রতিদ্বন্দ্বী বিক্রয় ডটকমকে অধিগ্রহণের সিদ্ধান্ত জিজির বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। এটি আফ্রিকার বাইরে জিজির প্রথম আন্তর্জাতিক সম্প্রসারণ।
অন্যদিকে, ২০১২ সালে প্রতিষ্ঠিত বিক্রয় ডটকম দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। Saltside Technologies–এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এটি দেশের বিভিন্ন শহর ও কমিউনিটিতে ক্রেতা-বিক্রেতাদের সংযুক্ত করে আসছে। মোবাইল ফোন, ইলেকট্রনিকস, যানবাহন, সম্পত্তি থেকে শুরু করে ৫০টিরও বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা কেনাবেচার সুযোগ রয়েছে প্ল্যাটফর্মটিতে।
প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে তাদের ৩৫ লাখের বেশি সক্রিয় ক্রেতা রয়েছে। বিশেষ করে সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারে বিক্রয় ডটকম শক্ত অবস্থান তৈরি করেছে, যেখানে কম দামে পণ্য কেনা এবং দ্রুত আপগ্রেডের প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক বিনিয়োগকারী Kinnevik, Hillhouse Capital এবং Brummer & Partners–এর সমর্থনে বিক্রয় ডটকম মোবাইল অ্যাপ, অনলাইন চাকরির প্ল্যাটফর্ম, ডিজিটাল প্রপার্টি ফেয়ার ও অটোমোটিভ সেবায়ও সম্প্রসারণ ঘটিয়েছে।
২০১৫ সালে কোরবানির জন্য দেশের প্রথম অনলাইন গরুর হাট চালু করে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। এছাড়া কোভিড-১৯ মহামারির সময় ক্ষুদ্র ব্যবসা, ব্লু-কলার চাকরি ও অনলাইন বাণিজ্য সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে।
প্রতারণা কমাতে বিক্রয় ডটকম বিজ্ঞাপন প্রকাশের আগে তা পর্যালোচনা করে থাকে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পণ্যের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি এবং জালিয়াতি শনাক্তকরণ আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে তাদের।
তবে অধিগ্রহণের পরও বিক্রয় ডটকম নিজস্ব ব্র্যান্ড নামেই পরিচালিত হবে বলে জানিয়েছে জিজি। অর্থাৎ আপাতত “জিজি” নামে রিব্র্যান্ডিং করা হচ্ছে না।