ইনসাইডার ডিস্ক, ২২ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় প্রতিদিন সকালে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্বীকৃত সরকারি, সরকারি সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে দৈনিক সমাবেশে এই গান পরিবেশন করতে হবে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথাও জানানো হয়েছে।
এর আগে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত মাদ্রাসা পর্যায়েও সম্প্রসারণ করা হলো। ফলে পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থায় ‘বন্দে মাতরম’ গাওয়ার বিষয়টি বাধ্যতামূলক রূপ পাচ্ছে।
রাজ্য সরকারের দাবি, ‘বন্দে মাতরম’ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রতীক। সরকারের ভাষ্য অনুযায়ী, এটি কোনো ধর্মীয় কর্মসূচি নয়; বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করার উদ্যোগ।
তবে বিরোধী দল ও কিছু মহল এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে। তাদের মতে, মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় এ ধরনের বাধ্যতামূলক নির্দেশনা ধর্মীয় সংবেদনশীলতা ও বিতর্কের জন্ম দিতে পারে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।