1 week ago
23 views

‘বিশেষ পরিস্থিতি বিবেচনায়’ পুশ-ইন হওয়া ব্যক্তিদের ফেরাবে ভারত

ইনসাইডার ডিস্ক, ২৩ মে, ২০২৬

বাংলাদেশে পুশ-ইন করা পাঁচজনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির সুপ্রিম কোর্টে শুনানিকালে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আগামী ১০ দিনের মধ্যেই তাদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় তুষার মেহতা বলেন, “সরকার তাদের ফিরিয়ে এনে সার্বিক পরিস্থিতি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মামলার বিশেষ পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বাংলাদেশে পুশ-ইন করা ছয়জনকে ফিরিয়ে আনার নির্দেশ গত বছরের সেপ্টেম্বরে দেয় কলকাতা হাইকোর্ট। তবে ওই রায়ের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। আপিলের শুনানিতেই সরকারের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।
ছয়জনের মধ্যে সোনালী খাতুন নামে এক নারীকে আগেই তার আট বছর বয়সী সন্তানসহ ভারতে ফিরিয়ে নেওয়া হয়। সে সময় তিনি গর্ভবতী ছিলেন। মানবিক কারণে তাকে ফিরিয়ে আনার কথা জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। পরে পশ্চিমবঙ্গের বীরভূমে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
অন্য পাঁচজন দিল্লিতে বসবাস করতেন বলে জানা গেছে। সেখান থেকে তাদের আটক করে বাংলাদেশে পাঠানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছিল, তারা বাংলাদেশি নাগরিক। পুশ-ইনের শিকার ছয়জন দুটি পরিবারের সদস্য ছিলেন। পরে তাদের স্বজনরা বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হন।

Leave a Reply

Your email address will not be published.