চীনের আমন্ত্রণে বিএনপির তরুণ প্রতিনিধি দলে চাকসু এজিএস তৌফিক

ইনসাইডার ডিস্ক, ২৭ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত তরুণ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১০ দিনের চীন সফরে যাচ্ছেন আইয়ুবুর রহমান তৌফিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)।
ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে যুব, ছাত্র ও নারী প্রতিনিধিরা অংশ নেবেন। গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান।
সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে। সেখানে দেশটির উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন ও স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-সহ বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে মতবিনিময় করবে।
এ বিষয়ে আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর জাতীয় রাজনীতিতে তরুণদের প্রত্যাশা ও অংশগ্রহণ বেড়েছে। আগামীর নেতৃত্ব তৈরিতে বিএনপি তরুণদের গুরুত্ব দিচ্ছে। এই সফর সেই প্রক্রিয়ারই অংশ।”
সফরের আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন ও চীনের অভ্যন্তরীণ পরিবহনসহ সকল ব্যয় বহন করবে চীনা কর্তৃপক্ষ। প্রতিনিধি দলটির আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.