5 days ago
17 views

অগ্রিম টিকিটে স্বস্তি, ঈদের আগে চাপ কম গাবতলী টার্মিনালে

ইনসাইডার ডিস্ক, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এবার টার্মিনালে অন্য বছরের তুলনায় যাত্রীর চাপ তুলনামূলক কম দেখা গেছে।
মঙ্গলবার দুপুরে টার্মিনাল ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকটি বাস ছাড়া অধিকাংশ পরিবহনের শ্রমিকরা যাত্রী তুলতে ডাকাডাকি করছেন। সংশ্লিষ্টদের মতে, অনেক যাত্রী আগেভাগেই অগ্রিম টিকিট কেটে রেখেছেন। আবার অনেক চাকরিজীবী পরিবারকে আগে পাঠিয়ে দেওয়ায় শেষ মুহূর্তের ভিড় এখনো তৈরি হয়নি।
কোটচাঁদপুরগামী পূর্বাশা পরিবহনের যাত্রী মোহাম্মদ মাজেদ অভিযোগ করেন, সাধারণ সময়ে ৬৫০ টাকার ভাড়া ঈদ উপলক্ষে বেড়ে ৮৩০ টাকা নেওয়া হচ্ছে। তবে পরিবহন কর্তৃপক্ষ দাবি করেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত চার্ট অনুযায়ীই ভাড়া আদায় করা হচ্ছে।
খুলনাগামী সাকুরা পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল পর্যন্ত তাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অন্যদিকে কিছু পরিবহনে এখনো টিকিট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
টার্মিনালে টিকিট খুঁজতে আসা একাধিক যাত্রী জানান, ছুটি শুরু হওয়ার আগেই অনেক টিকিট শেষ হয়ে গেছে। বিশেষ করে গোল্ডেন লাইন ও সোহাগ পরিবহনের বেশ কয়েকটি রুটে টিকিট সংকট দেখা গেছে।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রয়েছে বিআরটিএর ভিজিল্যান্স টিম। সংস্থাটির উপপরিচালক কামরুল হাসান জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়েছে।
এদিকে যাত্রী কম থাকায় অনেক বাস নির্ধারিত সময়ের পরেও টার্মিনাল ছাড়তে পারেনি। কিছু যাত্রী বাস ছাড়তে দেরি হওয়া নিয়ে অভিযোগ করলেও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে গাবতলী এলাকায় যানজট বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিবহন শ্রমিকদের ভাষ্য, পদ্মা সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী এখন সায়েদাবাদমুখী হওয়ায় গাবতলীতে যাত্রীর চাপ কিছুটা কমেছে। তবে উত্তরবঙ্গের অধিকাংশ বাস এখনো গাবতলী থেকেই চলাচল করছে।
সংশ্লিষ্টদের আশা, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঈদযাত্রার চাপ আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published.