ইনসাইডার ডিস্ক, ৩১ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংঘটক আনোয়ার হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করেছে বলে জানা গেছে।
শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
আনোয়ার হোসেন রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে এনসিপির কেন্দ্রীয় সংঘটক হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসাবাড়ী বাজার এলাকায় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধর করে। এ সময় আনোয়ার দাবি করেন, রায়পুরের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে।
পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, আনোয়ার অতীতে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, জনতার হাতে আটক হওয়ার খবর পেয়ে পুলিশ আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।