বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে বিসিক

ইনসাইডার ডিস্ক, ৭ জুন, ২০২৬

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতি বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (সাবেক স্কিটি)।

সম্প্রতি বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বিসিক দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পখাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায় বিসিক ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও দক্ষ মানবসম্পদ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণপ্রাপ্ত বহু উদ্যোক্তা ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সফল শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছেন।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিসিক জানিয়েছে, উদ্যোক্তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং স্বনির্ভরতা অর্জনের অন্যতম প্রধান চালিকাশক্তি। এ কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রতিদিন আট ঘণ্টা করে পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজার বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, স্টার্টআপ পরিচালনা, উদ্ভাবনী চিন্তাচর্চা, শিল্পপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার সংস্থাটি বহন করবে। বিশ্ববিদ্যালয়গুলোর কাছে প্রশিক্ষণার্থীদের মনোনয়ন, প্রশিক্ষণ ভেন্যু প্রদান এবং প্রয়োজনীয় সমন্বয় সহযোগিতা কামনা করা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং কৃষি ব্যবসায় ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুষদের ডিনদেরও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব মানসিকতা গড়ে তোলার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এ কর্মসূচি দেশের শিক্ষিত তরুণ সমাজের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করছে বিসিক।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি এবং চাকরির বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান ও ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published.