ইনসাইডার ডিস্ক, ০৯ মে, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, বরং নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যে কোনো ব্যক্তি নিজস্ব পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নাম বা পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তবে কোনো ব্যক্তি যদি দলীয় পরিচয় ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে তার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
ব্রিফিংয়ে তিস্তা অঞ্চলের পানি ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে বর্ষা মৌসুমে ভারত থেকে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে।
তিনি জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এবং বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়নের সক্ষমতা রাখে। তবে কোনো বন্ধুপ্রতিম দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও রাখা হবে।
ভারত থেকে কথিত ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সম্প্রতি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।