ইনসাইডার ডিস্ক, ০৩ জুলাই, ২০২৬

বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফে গতকাল শোনা বিকট বিস্ফোরণের শব্দের উৎস ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত একাধিক বিমান হামলা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুথিডং ও মংডুর মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে মিয়ানমার বিমানবাহিনী যুদ্ধবিমান ও ওয়াই-১২ পরিবহন বিমান ব্যবহার করে ব্যাপক বোমাবর্ষণ চালায়।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে বুথিডংয়ের কেইতমাউক টউং গ্রামে দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করা হয়। এতে অন্তত তিনজন আহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। আহতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী এক শিশুসহ তিনজন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে বাসিন্দারা বিমান আসার শব্দ আগাম শুনতে না পারায় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ পাননি। হামলায় অন্তত ১০টি মুসলিম পরিবারের বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এদিকে, বাংলাদেশ সীমান্তসংলগ্ন মংডুতেও একই সময়ে দফায় দফায় বিমান হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, তিন ধাপে মোট ১৭টি বোমা নিক্ষেপ করা হয়েছে—প্রথম ধাপে চারটি, দ্বিতীয় ধাপে সাতটি এবং তৃতীয় ধাপে ছয়টি।
সীমান্তের এত কাছাকাছি সংঘটিত এ হামলার বিস্ফোরণের শব্দ বাংলাদেশের টেকনাফ থেকেও স্পষ্টভাবে শোনা যায়, যা সীমান্তবর্তী এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।