ইনসাইডার ডিস্ক, ১৮ মে, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অপ্রীতিকর ঘটনার কারণে খেলা নির্ধারিতভাবে শেষ করা সম্ভব হয়নি।
ফাইনালে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। ম্যাচটিকে ঘিরে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে এবং শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন।
ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ১-০ গোলে এগিয়ে ছিল। তবে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে দর্শকসারি থেকে কিছু উচ্ছৃঙ্খল আচরণের সৃষ্টি হলে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনা করে কর্তৃপক্ষ খেলা আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে টুর্নামেন্ট কর্তৃপক্ষ দুই বিশ্ববিদ্যালয়কেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে।
তবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় দলকেই অনেকেই এই জয়ের প্রধান দাবিদার হিসেবে মনে করছেন। খেলার ফল মাঠেই নির্ধারিত হলে তা আরও আনন্দদায়ক ও গ্রহণযোগ্য হতো বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন আয়োজক ও শিক্ষার্থীরা। তাদের মতে, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রতিনিধিদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, খেলাধুলা সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির অন্যতম মাধ্যম। কিন্তু এ ধরনের ঘটনা ক্রীড়াঙ্গনের ইতিবাচক পরিবেশকে ব্যাহত করে। ভবিষ্যতে মাঠ ও মাঠের বাইরে সবাইকে সহনশীল, সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।