ইনসাইডার ডিস্ক, ১৯ জুন, ২০২৬

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারের সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি না থাকায় বাংলাদেশের পাঠানো ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়া দ্রুত চূড়ান্ত করা জরুরি।
বৈঠকে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় ও স্মরণীয় করে তুলতে বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, জলবায়ু ও আবহাওয়ার সামঞ্জস্য বিবেচনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণ ও স্থানান্তরের পরিবেশবান্ধব উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
এদিকে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগার বাংলাদেশ সফরে আসছেন। তারা বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাস, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় প্রচার করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।