ইনসাইডার ডিস্ক, ১৫ মে, ২০২৬

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত মার্কিন বিমানবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা Monica Witt–এর সন্ধানে ২ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা Federal Bureau of Investigation (এফবিআই)। দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকা এই সাবেক কর্মকর্তা এখনও ইরানের গোয়েন্দা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সহায়তা করে থাকতে পারেন বলে ধারণা করছে মার্কিন প্রশাসন।এফবিআইয়ের তথ্য অনুযায়ী, মণিকা উইট মার্কিন বিমানবাহিনীর ‘অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশন’-এ কাউন্টার-ইনটেলিজেন্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্যে একাধিক সংবেদনশীল গোয়েন্দা অভিযানে অংশ নেন। তবে ২০১৩ সালে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করে ইরানে চলে যান বলে বিশ্বাস করা হয়।পরে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তদন্তকারীদের দাবি, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে প্রভাবিত ও নিয়োগ করেছিল। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়ার পর তিনি একটি অত্যন্ত গোপন মার্কিন গোয়েন্দা কর্মসূচি এবং এক উচ্চপদস্থ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পরিচয় ইরানের হাতে তুলে দেন।মার্কিন প্রসিকিউটরদের মতে, এই তথ্য ফাঁসের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার জীবন হুমকির মুখে পড়ে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি ইরানের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পাচার করেন বলেও অভিযোগ রয়েছে। এর বিনিময়ে ইরান সরকার তাঁকে আবাসন, কম্পিউটার সরঞ্জামসহ নানা সুবিধা দেয়।এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টার-ইনটেলিজেন্স বিভাগের স্পেশাল এজেন্ট Daniel Wierzbicki বলেন, “এফবিআই এই মামলাকে ভুলে যায়নি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি, কেউ না কেউ মণিকা উইটের অবস্থান সম্পর্কে তথ্য জানেন। তাঁকে বিচারের আওতায় আনতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”এই মামলায় মণিকা উইট ছাড়াও আরও চারজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র, কম্পিউটার হ্যাকিং এবং পরিচয় গোপনের অভিযোগ আনা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, বর্তমানে উইট ইরানেই অবস্থান করছেন। তথ্যদাতাদের উৎসাহিত করতেই পুরস্কার ঘোষণার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।