4 weeks ago
49 views

ঈদুল আজহা সামনে রেখে এপ্রিলেও রেমিট্যান্সে জোয়ার, ৩.১২ বিলিয়ন ডলার প্রবাসী আয়

ইনসাইডার ডিস্ক, ০৪ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা পরিবারে অতিরিক্ত খরচ মেটাতে বেশি অর্থ পাঠানোয় এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩.১২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটিরও বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে, ধর্মীয় উৎসবকে সামনে রেখে কোরবানির পশু কেনাসহ বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীরা সাধারণত এই সময়ে বেশি অর্থ পাঠান, যা রেমিট্যান্স বৃদ্ধির প্রধান কারণ।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২.৭০ টাকা) অনুযায়ী, এপ্রিল মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮,৩৬৮ কোটি টাকা। এর আগে মার্চ মাসে রেমিট্যান্সে রেকর্ড গড়ে ৩.৭৫ বিলিয়ন ডলার আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ৩.০২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের সামগ্রিক হিসাবেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ২৯.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৪.৫৪ বিলিয়ন ডলারের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.