ইনসাইডার ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৬

সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে প্রায় এক লাখ টন অপরিশোধিত জ্বালানি (ক্রুড অয়েল) নিয়ে বাংলাদেশমুখী হয়েছে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ। গত ২০ এপ্রিল যাত্রা শুরুর পর থেকে জাহাজটির অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও বর্তমানে এটি আরব সাগরে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ৬ মে জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিএসসি জানায়, নিরাপত্তাজনিত কারণে লোহিত সাগর অতিক্রমের সময় জাহাজটির ইন্টিগ্রেটেড অটোমেশন সিস্টেম (আইএএস) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের সময় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা অস্বাভাবিক নয় এবং এটি কোনো অপরাধও নয়।
বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি পরিশোধনের জন্য একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল), যা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন। দেশের জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় সব ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়। সাধারণত সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব জ্বালানি আনা হয়।
এই আমদানিকৃত ক্রুড পরিবহনের দায়িত্ব পালন করে বিএসসি, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক নর্ভিক এনার্জি নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চার্টারে জাহাজ ভাড়া নিয়ে থাকে।