ইনসাইডার ডিস্ক, ০৩ মে, ২০২৬

মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু কথা বলার কারণে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করার সংস্কৃতি আর চলতে পারে না।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে—এটা স্বাভাবিক। তবে শুধুমাত্র নিজের সমস্যা বা মতামত প্রকাশ করার জন্য কাউকে হয়রানি করা যাবে না। “মানুষ যেন তাদের কথা বলতে পারে—এটাই তারা চায়,” যোগ করেন তিনি।
সমাবেশে বিপুল জনসমাগমের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, এখানে উপস্থিত সবাই বিএনপির সমর্থক নাও হতে পারেন, কিন্তু অনেকেই রাস্তায় নেমেছেন কারণ তারা মনে করেন দলটি সঠিক পথে রয়েছে। তবে এই সমর্থন ধরে রাখতে হলে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং প্রয়োজন হলে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নিজেদের “ক্ষমতাসীন দলের কর্মী” মনে করার প্রবণতা থেকে বের হতে হবে, নইলে দল ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সঙ্গে আচরণে যেন কোনো অসন্তোষ তৈরি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তিনি জানান, প্রতিটি এলাকায় শক্তিশালী প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।