2 weeks ago
29 views

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বড় সংস্কারে আগ্রহ জাপানি সংস্থা জাইকা

ইনসাইডার ডিস্ক, ১৫ মে, ২০২৬

বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র–এর ঝুঁকিপূর্ণ দুটি ইউনিট সংস্কার ও আধুনিকায়নে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তার অংশ হিসেবেই এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে সংস্থাটি।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অত্যন্ত কম। জ্বালানি খরচ না থাকায় অনেক সময় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ১ টাকারও নিচে নেমে আসে। ফলে কেন্দ্রটির পুরোনো ইউনিটগুলোকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযোগী করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।নতুন প্রকল্প প্রস্তাবনায় শুধু বিদ্যুৎ উৎপাদন যন্ত্র নয়, ঝুঁকিপূর্ণ দুটি ইউনিটের টারবাইন অংশও সংস্কার কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালে প্রকল্পটির ব্যয় ১০০ কোটির বেশি ধরা হলেও বর্তমান বাজার পরিস্থিতিতে সেই ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড–এর প্রকল্প পরিকল্পনা বিভাগের পরিচালক ডেইজি পারভীন বলেন, জাইকা তাদের বৈঠকে দুটি ইউনিট সংস্কারে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি দল কাপ্তাই কেন্দ্র পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় কাজের বিস্তারিত তুলে ধরে প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে।কাপ্তাই–এ অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রটি ১৯৬২ সালে চালু হয়। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।

Leave a Reply

Your email address will not be published.