1 month ago
52 views

জ্বালানি সংকটে টেলিকম সেবা ঝুঁকিতে: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের জরুরি পদক্ষেপ চায় এমটব

দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট দেখা দিলে দেশজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে, যা ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এমটব জানায়, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তারা আগেই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সরকারকে সতর্ক করেছিল। সরকার ইতিবাচক সাড়া দিলেও মাঠপর্যায়ে সেই নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন এখনও দৃশ্যমান নয়। ইতোমধ্যে কিছু এলাকায় ঝড়ের কারণে গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং বিদ্যুৎ পুনঃস্থাপনে বিলম্ব হচ্ছে, যা টেলিকম কার্যক্রমে প্রভাব ফেলছে। আসন্ন বর্ষাকালেও একই ধরনের পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় এমটব একটি সমন্বিত সহায়তা কাঠামোর দাবি জানিয়েছে। এতে মূল নেটওয়ার্ক স্থাপনা ও বিটিএস সাইটগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত যানবাহনের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ স্থাপনায় লোডশেডিং কমানো এবং দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধারের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশের টেলিকম অবকাঠামোয় প্রায় ৪৫ হাজার টাওয়ার, একাধিক ডেটা সেন্টার, নেটওয়ার্ক অপারেশন সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যা দেশের প্রায় পুরো ভৌগোলিক এলাকা এবং সাড়ে ১৮ কোটির বেশি মানুষকে সেবা দেয়। এসব নেটওয়ার্ক স্থাপনা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদ্যুৎ বিভ্রাট বা দুর্যোগের সময় টেলিকম সেবা সচল রাখতে ডিজেল ও পেট্রলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দিলে তা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
এমটব আরও জানায়, টেলিযোগাযোগ খাত শুধু একটি সেবা নয়, বরং এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। জরুরি যোগাযোগ, জননিরাপত্তা, ডিজিটাল লেনদেন, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রই এর ওপর নির্ভরশীল। তাই নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ব্যর্থ হলে ই-কমার্স, ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কর্পোরেট কার্যক্রমসহ পুরো ডিজিটাল ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে।
পরিশেষে, এমটব দেশের জনগণের জন্য নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.