ঢাবির অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থী

ইনসাইডার ডেস্ক, ২৬ এপ্রিল, ২০২৬

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কলা ভবন সংলগ্ন অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী এবং আফতাবনগর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সহপাঠী আগলিনা জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা অপরাজেয় বাংলার সামনে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হয়ে জ্ঞান হারান।
পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুই শিক্ষার্থীকে নতুন ভবনের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হঠাৎ এই ঝড় ও বজ্রপাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বজ্রপাতের এই দুর্ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.