4 weeks ago
33 views

পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলার আওতায়, গঠিত হচ্ছে ৩ নতুন উপজেলা ও ১ থানা

ইনসাইডার ডিস্ক,০২ জুলাই, ২০২৬

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকাকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একাংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অপর অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রকল্পটির কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে নানা জটিলতা দেখা দিচ্ছিল। এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্প এলাকাকে ঢাকা জেলার অধীনে আনার প্রস্তাব দেয়, যা নিকার সভায় অনুমোদন পেয়েছে।
সভায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে নিকার।

Leave a Reply

Your email address will not be published.