ইনসাইডার ডিস্ক, ২২ মে, ২০২৬

বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে খুলনা নগরীর লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় একটি বিএনপি কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে যুবদলের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন যুবক বসে কথা বলছিলেন। এ সময় পারভেজ নামে এক যুবক মোটরসাইকেলে করে সেখানে আসে। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে মাসুম বিল্লাহ ও জাহিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের উরু এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে।
গুলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা আমীর এজাজ খান বলেন, আহত দুজনই যুবদলের কর্মী।
তবে লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, আহতরা স্থানীয় বিএনপি কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় এক যুবক মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে আহতরা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না, সে বিষয়ে পুলিশের কাছে নিশ্চিত তথ্য নেই বলে জানান তিনি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।