‘মদ ও সিগারেট ছাড়া কোনো পণ্যের দাম বাড়েনি, বিরোধীদের লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করা’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনসাইডার ডিস্ক, ১৩ জুন, ২০২৬

কক্সবাজার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য হিসেবে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানোর সিদ্ধান্তকেও যারা সমালোচনা করছে, তাদের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়; বরং দেশে অস্থিরতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করা।
‘করবো কাজ, গড়ব দেশ’— এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকার কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রায় ২০ কোটি মানুষের কল্যাণকে কেন্দ্র করেই বাজেট প্রণয়ন করা হয়েছে।
পাতলী খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নয়; কৃষি, সেচব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি জানান, নতুন বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে এবং এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হবে।
নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে।
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। এছাড়া স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ ও ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যাতে রোগীদের চিকিৎসা ব্যয় কমে আসে।

Leave a Reply

Your email address will not be published.