ইনসাইডার ডিস্ক, ২২ মে, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে চলমান সংস্কারের অংশ হিসেবে সরকার ধাপে ধাপে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে ‘আনন্দের সঙ্গে শেখা’ ভিত্তিক কাঠামোয় রূপান্তরের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের লন্ডন-এ অবস্থিত কুইন এলিজাবেথ-২ সেন্টার-এ অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কর্মসংস্থানমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং তরুণদের আত্মবিশ্বাস গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ নতুনভাবে গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার শিক্ষাব্যবস্থার পরিবর্তনের জন্য জনগণের সুস্পষ্ট সমর্থন পেয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষানির্ভর শিক্ষার গণ্ডি পেরিয়ে কৌতূহল, সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা এবং মানসিক সুস্থতাকে গুরুত্ব দেয়—এমন একটি শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে।
‘আনন্দের সঙ্গে শেখা’কে সরকারের অন্যতম নীতিগত অগ্রাধিকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা, উদ্ভাবনী সক্ষমতা এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।