ইনসাইডার ডিস্ক, ১৩ জুন, ২০২৬

নিউইয়র্ক: মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের (SpaceX) শেয়ারবাজারে অভিষেকের পর ইতিহাস গড়েছেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্পেসএক্সের শেয়ারের দাম প্রথম দিনেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক) মর্যাদা অর্জন করেছেন।শুক্রবার নাসডাকে লেনদেন শুরু হওয়ার পর স্পেসএক্সের শেয়ারের মূল্য ১৯ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। শেয়ারটি প্রথমে ১৫০ ডলারে লেনদেন শুরু করে, পরে ১৬৮ ডলার পর্যন্ত ওঠে এবং দিন শেষে প্রায় ১৬১ ডলারে স্থির হয়।এই মূল্য বৃদ্ধির ফলে স্পেসএক্সের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২.১ ট্রিলিয়ন ডলার, যা প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম পাবলিক কোম্পানিতে পরিণত করেছে। এমনকি এটি মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্যকেও ছাড়িয়ে গেছে।ফোর্বসের হিসাব অনুযায়ী, স্পেসএক্স ও টেসলায় নিজের মালিকানার অংশ মিলিয়ে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১.১ ট্রিলিয়ন ডলার।২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্সকে এখন শেয়ারবাজারে আনার কারণ হিসেবে মাস্ক বলেছেন, কোম্পানিটির উচ্চাভিলাষী প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এর মধ্যে রয়েছে মহাকাশে স্যাটেলাইট নেটওয়ার্ক ও ডেটা সেন্টার স্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো গড়ে তোলা এবং ভবিষ্যতে মঙ্গলে মানব উপনিবেশ প্রতিষ্ঠা।টেক্সাসের স্টারবেস থেকে নাসডাকের উদ্বোধনী ঘণ্টা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে মাস্ক বলেন, “আমাদের লক্ষ্য শুধু কয়েকজন নভোচারীকে মহাকাশে পাঠানো নয়। আমরা চাই সাধারণ মানুষও একদিন চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে ভ্রমণ করতে পারুক।”এদিকে স্পেসএক্সের ৭৫ বিলিয়ন ডলারের আইপিও (Initial Public Offering) বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে রেকর্ড গড়েছে। এর আগে ২০১৯ সালে সৌদি আরামকোর ২৫.৬ বিলিয়ন ডলারের আইপিও ছিল বিশ্বের সর্ববৃহৎ।বিশ্লেষকদের মতে, বর্তমানে কোম্পানিটি বিপুল বিনিয়োগ ও ব্যয়ের কারণে বড় অঙ্কের লোকসানে থাকলেও বিনিয়োগকারীরা ভবিষ্যতের সম্ভাবনার ওপর আস্থা রেখেই স্পেসএক্সের শেয়ারে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।