১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল জঙ্গল সলিমপুর: সালাউদ্দিন আহমেদ

ইনসাইডার ডিস্ক, ৩১ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর থেকে সাধারণ অধিবাসীদের উচ্ছেদ করা হবে না, তবে সন্ত্রাসীদের সব ধরনের আস্তানা ও নেটওয়ার্ক নির্মূল করা হবে।
রবিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন প্রশাসনিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল হিসেবে জঙ্গল সলিমপুরে নানা ধরনের অপরাধী চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা ও স্বস্তিময় জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই মাদক, সন্ত্রাস ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশের কোথাও ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’ গড়ে উঠতে দেওয়া হবে না। জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে কারাগারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী পুনরায় আশ্বস্ত করে বলেন, এলাকার সাধারণ বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা সরকারের নেই। কেবল সন্ত্রাসী ও অপরাধী চক্রের ঘাঁটিগুলো ভেঙে দিয়ে এলাকায় আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published.